ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশপন্থী রাষ্ট্রপতি চাই: আসিফ মাহমুদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্ট্রিম ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দিনের রাষ্ট্রপতি হিসেবে একজন ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশপন্থী ব্যক্তি চায় বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির বিষয়ে মন্তব্য জানতে চাইলে মুঠোফোনে স্ট্রিমকে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতিকে ২০২৪ সালে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা উচিত ছিল। কিন্তু নানা ধরনের জটিলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্যের কারণে এটি হয়ে ওঠেনি। এমনকি বিএনপি সরকারের সময়েও এটি দেরি করা হচ্ছিল। তারপরও শেষ পর্যন্ত তাকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে আমরা ইতিবাচকভাবে দেখি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এতদিন ফ্যাসিবাদের রাষ্ট্রপতিকে দিয়ে চলতে হয়েছে। কিন্তু আমরা আগামী দিনে একজন ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশপন্থী রাষ্ট্রপতি চাই।’

রাষ্ট্রপতি হিসেবে বিএনপি সরকারের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছিল। এখন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির নাম শোনা যাচ্ছে। আবারও রাষ্ট্রপতি হিসেবে একজন আমলার নাম আসাকে আপনারা কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে রাষ্ট্রপতি পদটা অরাজনৈতিক কোনো পদ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পদ। এখানে সর্বজনীন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকার প্রয়োজন বলেই আমরা মনে করি।’

যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন, সেটি সঠিক প্রক্রিয়া বলে আপনারা মনে করেন কি না জানতে চাইলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা মনে করি যে বাংলাদেশে রাষ্ট্রপতির নির্বাচন হওয়া উচিত। যদিও বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রী বা সরকারি দল যাকে চায়, তিনিই রাষ্ট্রপতি হন। এটিই হয়ে আসছে। কিন্তু কিছু দেশে রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। আমাদের প্রস্তাবনা ছিল যে রাষ্ট্রপতিকে আরেকটু শক্তিশালী করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা। কারণ বর্তমান শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকার ফলেই ফ্যাসিবাদ বারবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়।’

Ad 300x250

সম্পর্কিত