রাষ্ট্রপতির পদত্যাগে জামায়াত

জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কী কারণে সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, তা নিয়ে আমাদের আগ্রহ নেই। আমরা আগেই বিবেচনায় নিয়েছিলাম তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যতদিন তিনি থাকবেন, ন্যায়নিষ্ঠ ও নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব করবেন না। এটি করতে পারলে বিরোধী দল তাঁকে সর্বাত্মক সহযোগিতা করবে।

শফিকুর রহমান বলেন, আমরা কোনো সংকট চাই না। জনগণের প্রত্যাশা, পরিবর্তনের বাংলাদেশ। এখনো নবগঠিত সংসদ সে পথে পা বাড়ায়নি। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংসদের ভেতরে ও বাইরে এই চেষ্টা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নীরবে সাহায্য করেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারকে তিনি সমর্থন দিয়েছেন; শেখ হাসিনার অন্যায্য আচরণ থামাতে পর্যন্ত বলেননি। কেউই আইনের ঊর্ধ্বে নন। তাঁর ক্ষেত্রে কী হবে, তা সময়ই বলে দেবে।

জামায়াত আমির আরও বলেন, রাষ্ট্রপতি পদে কোনো তোষামোদকারীকে জনগণ দেখতে চায় না। এজন্যই বিরোধী দলের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত