সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর বিধান অক্ষুণ্ণ রাখার দাবি জমিয়তের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৫
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠক। সংগৃহীত ছবি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠক। সংগৃহীত ছবি

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর বিধান অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার (৭ সেপ্টেম্বর) পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তের খাস কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দলটি।

জমিয়ত নেতারা বলেন, প্রবীণ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, চিকিৎসা, ভরণপোষণ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। পিতা-মাতার অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

তবে জমিয়ত নেতারা স্মরণ করিয়ে দেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়গুলো ইসলামি শরিয়াহর বিধানের সঙ্গে যুক্ত। নতুন আইন যেন কোরআন-সুন্নাহ নির্ধারিত মিরাস ও হেবার সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

জমিয়ত নেতারা বলেন, জীবদ্দশায় পিতা-মাতার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে গিয়ে মুসলমানদের শরিয়াহসম্মত উত্তরাধিকার ও সম্পত্তির মালিকানা ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি করা যাবে না।

বিশেষ করে হেবা ও মিরাসের বিধান এড়িয়ে আইনি কাঠামো তৈরি করা উচিত নয়, যা ভবিষ্যতে পারিবারিক বিরোধ কিংবা শরিয়াহবিরোধী সম্পত্তি বণ্টনের সুযোগ তৈরি করে। বিল চূড়ান্তের আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, ফকিহ, আলেম ও ইসলামি আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার তাগিদ দেন তাঁরা। প্রয়োজনে বিশেষজ্ঞ শরিয়াহ বোর্ডের মাধ্যমে বিলের পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার দাবি জানান জমিয়ত নেতারা।

বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জমিয়ত নেতারা বলেন, পিতা-মাতার অধিকার ও প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলমানদের জন্য শরিয়াহর মিরাস, হেবা ও সম্পত্তি হস্তান্তরের বিধান অক্ষুণ্ণ রাখতে হবে। ধর্মপ্রাণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মানবিক সুরক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহর নির্দেশনা মেনেই আইন প্রণয়ন করা উচিত।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীসহ অন্যান্য নেতারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত