আমরা ভাসানীর উত্তরসূরি, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে: নাহিদ
স্ট্রিম সংবাদদাতাটাঙ্গাইল

নিজেদের ভাসানীর উত্তরসূরি দাবি করে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের জালফৈ বাইপাসে পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সামনে কঠিন সংগ্রাম। সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমরা মাওলানা ভাসানীর উত্তরসূরি; আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’
পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের মুক্তির লড়াই। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন, দেশের ৭০ ভাগ মানুষের ভোটের রায় কেন মানা হলো না। ১৪শ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে কেন জুলাই সনদ বাস্তবায়ন হয়নি।
শফিকুর রহমান অভিযোগ করেন, অনির্বাচিত কাউকে দায়িত্বে না বসানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট এবং সন্ত্রাস-চাঁদাবাজির দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিজয় নিশ্চিত। প্রয়োজনে ৮ দফা পরিবর্তে ১ দফা ঘোষণা হবে।
এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি আওয়ামী লীগের লোকদের দিয়ে সরকার ও প্রশাসন চালাচ্ছেন, এভাবে দেশ চলতে পারে না। আমাদের একদফা আন্দোলনের দিকে ঠেলে দেবেন না।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, এই লং মার্চ প্রমাণ করেছে দেশের মানুষ নিজেদের অধিকার আদায় করতে জানে। সোজা আঙুলে ঘি না উঠলে জনগণ আঙুল বাঁকা করতেও দ্বিধাবোধ করবে না।
এনসিপির সরোয়ার তুষার অভিযোগ করেন, ‘আগের মতো খাম্বাগিরি চলবে না, অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে হবে। প্রধানমন্ত্রী বলছিলেন তার কাছে পরিকল্পনা আছে, আসলে তাদের কোন পরিকল্পনাই নেই।’
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে পথসভায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।







