স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবি লেবার পার্টির
স্ট্রিম প্রতিবেদকঢাকা

আসন্ন স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বরাবর দেওয়া স্বারকলিপিতে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
স্বারকলিপি দেওয়ার পর দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত। তাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং নিয়মিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন। বিগত জুলাই গনঅভ্যুত্থানে তাদের ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, তাঁদের অনেকের স্থায়ী ঠিকানা, পরিবার, সম্পত্তি, ব্যবসা ও সামাজিক সম্পর্ক নিজ নিজ নির্বাচনী এলাকার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। কিন্তু বিদেশে অবস্থান করার কারণে এসব বাংলাদেশি নাগরিক স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগ করার সুযোগ থেকে বাস্তবে বঞ্চিত হন। ফলে দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি বৃহৎ জনগোষ্ঠীর স্থানীয় গণতান্ত্রিক অংশগ্রহণ সীমিত থাকে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা ইতোমধ্যে আইনগত কাঠামোর মধ্যে এসেছে। নির্বাচন কমিশনও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা প্রবর্তন করেছে। আমরা মনে করি, জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা, ভোটার পরিচয় যাচাইয়ের ব্যবস্থা এবং প্রযুক্তিগত অবকাঠামো কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসী ভোটারদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
প্রয়োজন হলে সংশ্লিষ্ট স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধিমালা সংশোধন, নতুন বিধান প্রণয়ন অথবা নির্বাচন কমিশনের সুপারিশের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।







