
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি হয়।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন বলেন, বিএনপি একটি ব্যর্থ সংগঠন। আগে তারা ছিল ব্যর্থ বিরোধী দল, এখন তারা ব্যর্থ সরকারি দল। সরকার গঠনের পর থেকেই একের পর এক নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। নিজেদের ব্যর্থতার দায় জনগণের ঘাড়ে চাপিয়ে সরকার পার পেতে পারবে না।
তিনি বলেন, তেলের দাম বাড়ানোর আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলো। আর মূল্যবৃদ্ধির পরপরই সেই সংকট স্বাভাবিক হয়ে গেল। জনগণ জানতে চায়— এই কৃত্রিম সংকট কারা তৈরি করেছিল, কেন তৈরি করেছিল এবং কার স্বার্থে তেলের দাম বাড়ানো হলো?
জনগণকে আর প্রতিশ্রুতির রাজনীতি দিয়ে বিভ্রান্ত করা যাবে না জানিয়ে আতাউল্লাহ বলেন, জনগণের কষ্টের কারণ যারা তৈরি করবে, জনগণ তাদের কাছেই জবাব চাইবে। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে বাজার নিয়ন্ত্রণ, দুর্নীতি বন্ধ এবং জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল করেন।







