‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’—চট্টগ্রামে এনসিপি নেতার বক্তব্যে বিতর্ক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০: ০০
এনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনের সময় পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর উপলক্ষে গণরায়ের বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দলীয় স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই? তখন কীভাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই, জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম?’

সমাবেশের একটি ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জোবাইরুল আলম নিজেও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। এরপর বক্তব্যের ওই অংশ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

ভিডিওতে জোবাইরুল আলমকে আরও বলতে শোনা যায়, ‘আমরা ইউএনওকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই; আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই?’

তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে বর্তমানেও দলীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা এখনো দেখি, আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, তারা দলীয় স্বজনপ্রীতি করতেছে। আমরা এখনো দেখতেছি, এমপির নির্দেশনা ছাড়া কোনো একটা ফাইল উপজেলা প্রশাসনে নড়ে না।’

প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জোবাইরুল আলম বলেন, ‘আপনারা আবার যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা যেমন আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরতে দেব না, কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতেও দেব না, ইনশা আল্লাহ।’

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জোবাইরুল আলম বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে তাঁর বক্তব্যের সম্পূর্ণ অংশ নেই।

তিনি বলেন, ‘আমরা চাই না, জনগণের যে ক্ষোভ আছে, সেটা আরও বাড়ুক। জুলাই আন্দোলনের সময় যেমন পরিস্থিতি হয়েছিল, আমরা চাই না, আবার প্রশাসনের সঙ্গে সে রকম মুখোমুখি অবস্থা তৈরি হোক। বক্তব্যে এটাই বুঝিয়েছিলাম। আমরা চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হোক।’

বিষয়টি জানতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, জনসম্মুখে তারা যে বক্তব্য দিয়েছেন, সেটি তাদের বিষয়। এ মুহূর্তে এ নিয়ে আমার আর কোনো মন্তব্য নেই।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত