‘অন্য আয়োজন’ দিয়ে জামায়াতকে হারানোর চেষ্টা হবে: শফিকুর রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রংপুর-দিনাজপুর অঞ্চলের উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির। সংগৃহীত ছবি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ‘অন্য আয়োজন’ দিয়ে জামায়াতকে হারানোর চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হবে, তা আল্লাহ ভালো জানেন। কিন্তু মনে রাখতে হবে, ভোট যুদ্ধ করে নির্বাচনে জয়লাভ করতে হবে। এটাও মনে রাখবেন, টাকা খরচ করে কেউ কিছু করতে পারবে না। অন্য আয়োজন দিয়ে আমাদের হারানোর চেষ্টা করবে। গরিবদের ভুল বুঝবেন না। গরিবরা তাদের ঈমান বিক্রি করে না।

জামায়াত আমির আরও বলেন, ‘আমাদের লেনদেন, আচার-আচরণে আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কেউ মনে করত না যে আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন। মনে করত, একটা ইনঅ্যাকটিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমও ওই লাইটের বাইরে থাকবে না। দুটি সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে, একটা আল্লাহ তায়ালার, আরেকটি জনগণের। এই দুইটাকে সমন্বয় করতে হবে।’

স্থানীয় আমিরদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কুরআনের আইন চাই—এ দাবি কেউ চায় না। তবে কিছু ইসলামী দল এ দাবি করে। দৃশ্যমান প্রধান-প্রধান দল এ দাবি করে না। তাদের গায়ের জামায় দাগ লাগলেও কেউ ঘাঁটাঘাঁটি করে না। মানুষ মনে করে, তারা তো এমনই। জামায়াতের দায়িত্বশীলের গায়ে কোনো দাগ লাগলে কেউ ছেড়ে কথা বলবে না।’

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা সংগঠনের নিয়মিত কাজ এবং দাওয়াতি কাজ করেন। আমি ব্যতিক্রম কিছু জিনিস আপনাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। সামনে স্থানীয় নির্বাচন আসতেছে। আল্লাহ তায়ালা এমন কিছু মানুষকে বন্ধু-সঙ্গী বানিয়ে দিয়েছেন, জীবনে কোনো দিন তারা আমাদেরকে ভোট দেয়নি, আমাদের মিছিল-মিটিংয়েও যায়নি। বরং, ক্ষেত্রবিশেষে আমাদের পোস্টার ছিঁড়েছে, আমাদের ব্যানার কেটে দিয়েছে, আমাদের মিছিলে আক্রমণ করেছে। এরকম বহু মানুষ জাতীয় নির্বাচনে আমাদের সঙ্গী হয়েছে। তাদের মধ্যে এমন যোগ্যতা হয়েছে, আল্লাহ তায়ালা সামাজিক যোগ্যতা দিয়েছেন, সেটা আমার মধ্যে নেই।’

নির্বাচকে একটি সামাজিক লড়াই উল্লেখ করে তিনি বলেন, ‘সামনের নির্বাচনে এই লোকগুলোকে ইউনিয়নের মেম্বার থেকে সিটি করপোরেশনের মেয়র পর্যন্ত—এদের মধ্যে কোনো উপযুক্ত লোক থাকে, প্রতিভা থাকে, আস্তে করে হাতে ধরে তাকে ওখানে নিয়ে যেতে হবে। শর্ত মাত্র দুটো। একটা হলো হারামের সঙ্গে যুক্ত না হওয়া। আরেকটি হলো তিনি বদমেজাজি না হওয়া।’

সম্পর্কিত