মামলা করে থানাতেই পাটওয়ারীরা অবরুদ্ধ ছাত্রদলের কাছে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২৩: ২৩
মামলার পর ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা সদর থানার সামনে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা সদর থানায় এই মামলা করেন।

এতে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে অন্তত ১১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার খবরে ঝিনাইদহ শহরে প্রতিবাদ মিছিল করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরে তারা সদর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মী।

এই সময় থানার ফটক খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন ছাত্রদল-যুবদলের কর্মীরা। পুলিশ বাধা দিলে তারা বাইরে থেকেই থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে জেলা বিএনপির নেতারা এসে কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে দেন। পুলিশ পাহারায় রাত ১০টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীরা থানা থেকে নিরাপদে বের হয়ে যান।

এর আগে পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করে নেতাকর্মীর সঙ্গে সন্ধ্যা ৭টার দিকে সদর থানার সামনে অবস্থান নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় পুলিশের পক্ষ থেকে সার্ভার ডাউনের কথা বলা হয়। পরে রাত ৯টার দিকে মামলা এজাহারভুক্ত করে পুলিশ।

মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজনকে আসামি করা হয়েছে।

‎এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা কিলঘুসি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ, অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করে নেতাকর্মীর সঙ্গে থানার সামনে অবস্থান নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করে নেতাকর্মীর সঙ্গে থানার সামনে অবস্থান নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ এনসিপির। তবে হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নন বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপির নেতাকর্মীরা নিরাপদে ঝিনাইদহ ত্যাগ করেছেন বলেও জানান তিনি।

এর আগে দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ডিম নিক্ষেপ করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা করে। তবে অভিযোগ নাকচ করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ জানান, জেলার বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা করেছে।

সম্পর্কিত