সাহাবুদ্দিনের গ্রেপ্তার ছাড়া জুলাই শহীদদের ন্যায়বিচার অসম্পূর্ণ: এনসিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

এনসিপির সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানালেও এটিকে যথেষ্ট নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। তাঁর বিচার না হলে জুলাই শহীদদের প্রতি ন্যায়বিচার করা হবে না।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এসব কথা বলেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘পদত্যাগের পর শাহাবুদ্দিন চুপ্পুর আর কোনো সাংবিধানিক দায়মুক্তি নেই। তাই এখনই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ন্যায়বিচার অসম্পূর্ণ থেকে যাবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিল এনসিপি। আমরা ভেবেছিলাম, সংসদে অভিশংসনের মাধ্যমে তাঁকে অপসারণ করা হবে। কিন্তু সরকার সেই পথ অনুসরণ না করে তাঁকে পদত্যাগের সুযোগ দিয়েছে, যা কার্যত সেফ এক্সিট বলে মনে করছে এনসিপি।’

সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন এবং রাষ্ট্রপতি থাকাকালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও সহিংসতা ঠেকাতে কোনো কার্যকর উদ্যোগ নেননি উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি অতীতের ব্যাংক খাতের অনিয়ম, নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক ঘটনার সঙ্গেও জড়িত।

সংবাদ সম্মেলনের সূচনায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা ফ্যাসিবাদী শাসনের দোসরদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বিচারের দাবিতে আন্দোলন করে আসছি। সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সেই দাবিরই একটি ফল।’

সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত