সাইবার আইন ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন আবদুর রব ইউসুফীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২১: ৪৩
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকায় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। দৃশ্যমান পার্থক্য না থাকায় সংসদ একপাক্ষিক হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

আজ বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘বর্তমান সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা ‘আন্ডারস্ট্যান্ডিংয়ের’ সংসদ বলেই আমার ধারণা।’ এ ধরনের মন্তব্য নতুন সাইবার আইনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি এই বিবৃতি দিয়েছেন।

মাওলানা ইউসুফী উল্লেখ করেন, সম্প্রতি জাতীয় সংসদে সাইবার আইন নিয়ে আলোচনা হলেও বিরোধী দলের কেউ এর মৌলিক বিরোধিতা করেননি। বরং আইনটি যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়—এমন আহ্বানই জানানো হয়েছে। তাঁর ভাষ্য, যদি আইনটির অপব্যবহারের আশঙ্কা থেকেই থাকে, তবে এর আমূল বিরোধিতা না হওয়ার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।

তিনি আরও বলেন, অতীতে এ ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলগুলো কঠোর অবস্থান নিয়েছে এবং ‘ওয়াকআউট’-এর মতো কর্মসূচি পালন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে ধরনের কোনো দৃশ্যমান প্রতিবাদ দেখা যায়নি। ভবিষ্যতে যেন কোনো আইন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সেই আশা প্রকাশ করে তিনি মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত