প্রস্তুতি ম্যাচেই ব্যাটিং-বোলিংয়ের দুর্বলতা টের পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৬: ৪৫
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ছবি: বিসিবি

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাকফুটে পড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিনের খেলা শেষে এখনো ৭৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ২ উইকেটে ৫১ রানে দিন শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দিনের শুরুতেই পেসার হাসান মাহমুদের বোলিং ধাক্কায় জশ ফিলিপ (২৪) ও কার্টিস প্যাটারসন (৫৩) বিদায় নেন। এরপর জাক ক্লাইটন ৪৮ রানে এবাদত হোসেনের বলে আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন টিগ ওয়াইলি ও জেক ডোরান।

ডোরান ৭৬ রান করে মিরাজের বলে ক্যাচ দিয়ে ফিরলেও এক প্রান্ত আগলে ১৩০ রানের ইনিংস খেলেন ওয়াইলি। শেষ পর্যন্ত ৩৫৫ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ নেন ৪টি উইকেট। এ ছাড়া তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট। অন্যদিকে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়ে পর্যবেক্ষণে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আজ বোলিং করেননি।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলাম (৬) এবং মুমিনুল হক (৬) রান করে আউট হলে মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট ও ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। অজিদের বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৩/১০ (মিরাজ ১০৯*, শান্ত ৩৭, সাদমান ৩১; কোরি ৬/৮৩)।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ১ম ইনিংস: ৩৫৫/১০ (ওয়াইলি ১৩০, ডোরান ৭৬, পিটারসন ৫৩; হাসান ৪/৪২, তাসকিন ২/৫৬, মিরাজ ২/২০)।

বাংলাদেশ ২য় ইনিংস: ১৯/২ (তামিম ৭*, সাদমান ৬, মুমিনুল ৬; থম্পসন ২/১০)।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত