ad

বিশ্বকাপ বিক্রির জন্য নয়, বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২: ৩৮
বিশ্বকাপের ট্রফি হাতে ফিফা জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

ফিফা যদি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের মালিকানা বা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোয়, তবে বিশ্বকাপ বয়কট করবে ইউরোপীয় ফুটবলের ৫৫টি সদস্য দেশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফার (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস) সভাপতি আলেকসান্দার সেফেরিনের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

উয়েফা জানিয়েছে, পুরুষ ও নারীদের মূল বিশ্বকাপসহ ফিফা ক্লাব বিশ্বকাপও এই বয়কটের আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে উয়েফা জানায়, ‘বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। প্রজন্ম ধরে খেলোয়াড়, দল ও সমর্থকদের সমন্বয়ে গড়া ঐতিহ্যবাহী ফুটবল। এর কোনো অংশই কখনো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া যাবে না—বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’

এর আগে ফিফার বিরুদ্ধে ‘ফুটবলকে নিজেদের ও বন্ধুদের সমৃদ্ধ করার কাজে ব্যবহারের’ অভিযোগ এনেছিল উয়েফা।

সংস্থাটি আরও বলেছে, গোপনে কিংবা কোনো ধরনের আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া ফিফার দায়িত্বশীলতার অভাবের চূড়ান্ত প্রমাণ।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, তারা তাদের মূল ইভেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক সাবসিডিয়ারি তৈরি করতে চায়। প্রস্তাব পাসে ফিফার ২১১ সদস্য দেশের সমর্থন প্রয়োজন। এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে প্রতিটি দেশকে ৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রথম কিস্তির ২ কোটি ডলার পেতে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সম্মতি জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এই বিনিয়োগকারী গ্রুপের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে আমেরিকান ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘থ্রাইভ ইটারনাল’-এর, যার প্রতিষ্ঠাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনার।

উয়েফা বিশ্ব ফুটবলের প্রতিনিধিত্বকারী দেশগুলোর এক-চতুর্থাংশ হলেও জার্মানি, ইতালি, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড ও ডেনমার্কের মতো জনপ্রিয় দলগুলো এর সদস্য।

সদ্য সমাপ্ত ২০২৬ পুরুষ বিশ্বকাপের শেষ আটের ৬টি দলই ছিল ইউরোপের, যেখানে জয়ী দল ছিল স্পেন। এছাড়া এ পর্যন্ত ২৩টি বিশ্বকাপের ১৩টি শিরোপাই জিতেছে উয়েফার অন্তর্ভুক্ত দেশগুলো। যদি ইনফান্তিনোর পরিকল্পনা গৃহীত হয়, তবে অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপের প্লে-অফ থেকেই এই নজিরবিহীন বয়কট শুরু হতে পারে।

Ad 300x250

সম্পর্কিত