অস্ট্রেলিয়া একাদশেই নাজেহাল বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২: ০৯
আউটের পর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন অধিনায়ক শান্ত। ছবি : সংগৃহীত

মূল টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের সামনে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পেসার ক্যাম্পবেল থম্পসনের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ ২৬৩ রান করে। জবাবে টিগ ওয়াইলির সেঞ্চুরিতে ৩৫৫ রান তোলে অস্ট্রেলিয়া একাদশ। এতে ৯২ রানের লিড পায় তারা। বাংলাদেশের হয়ে চার উইকেট নেন হাসান মাহমুদ।

তবে দ্বিতীয় ইনিংসে সামান্য লড়াইও করতে পারেনি টাইগাররা। ৯২ রানের ঘাটতি পুষিয়ে নেওয়া তো দূরের কথা, ডারউইনের বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ পেসার ক্যাম্পবেল থম্পসনের গতিতেই অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান খরচায় ৮ উইকেট নেন থম্পসন। তাঁর বাউন্সার ও সুইংয়ের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কার্যত কোনো প্রতিরোধই গড়তে পারেননি। মাত্র ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ।

এর আগে ম্যাচের তৃতীয় ও শেষ দিনে ১৯ রানে ২ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, অমিত হাসান- কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাংলাদেশের হয়ে একমাত্র তানজিদ হাসান তামিম ২২ রান করেন।

এর আগে প্রথম ইনিংসে মিরাজের ১০৯ রানের ইনিংসই বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। তাঁর সঙ্গে শান্ত ৩৭ ও সাদমান ইসলাম ৩১ রান করেন। অস্ট্রেলিয়া একাদশের হয়ে কোরি নেন ৬ উইকেট।

অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসে ওয়াইলির ১৩০ রানের পাশাপাশি ডোরান ৭৬ ও পিটারসন ৫৩ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ চারটি, তাসকিন আহমেদ দুটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট নেন।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হবে তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইতে।

প্রস্ততি ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬৩/১০ (মিরাজ ১০৯*, শান্ত ৩৭, সাদমান ৩১; কোরি ৬/৮৩)।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংস: ৩৫৫/১০ (ওয়াইলি ১৩০, ডোরান ৭৬, পিটারসন ৫৩; হাসান ৪/৪২, তাসকিন ২/৫৬, মিরাজ ২/২০)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৪/১০ (তামিম ২২, সাদমান ৬; থম্পসন ৮/২৫)।

ফল: বাংলাদেশ ইনিংস ও ৩৮ রানে পরাজিত।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত