৬ উইকেট পেয়েও খুশি নন শরীফুল, চান জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

সংবাদ সম্মেলনে কথা বলেন পেসার শরীফুল ইসলাম। ভিডিও থেকে নেওয়া ছবি
সংবাদ সম্মেলনে কথা বলেন পেসার শরীফুল ইসলাম। ভিডিও থেকে নেওয়া ছবি

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এই কীর্তি গড়লেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন এই পেসার।

শনিবার (২২ আগস্ট) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শরীফুল বলেন, ‘ফাইফার পেয়েছি বলে খুশি হব এমন না, ম্যাচ যদি জিততে পারি তাহলেই বেশি খুশি হব। দল হিসেবে ভালো খেলে ম্যাচ বের করার চেষ্টা করব।’

বোলিংয়ের সময় বাতাসের সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি যে প্রান্ত থেকে বল করছিলাম সেখানে বাতাস একটু বিপরীতে ছিল। এর ফলে বল বেশি সুইং করেছে।’ বাংলাদেশি পেসার মুস্তাফিজকে নিজের আইডল মানলেও পেস ও সুইংয়ের মিশেলে অজি পেসার মিচেল স্টার্কের প্রতিও তাঁর মুগ্ধতার কথা জানান শরীফুল।

স্টার্কের সঙ্গে খেলা প্রসঙ্গে শরীফুল বলেন, ‘ম্যাচে সেও ছয় উইকেট পেয়েছে, আমিও পেয়েছি—এটা খুব ভালো লাগছে। উনি (স্টার্ক) আমাকে আউট করেছিলেন, আমিও চেষ্টা করেছি নিজের সেরা বলটা করার। পরিকল্পনা ও বাস্তবায়ন ঠিক ছিল বলেই স্টার্ককে বোল্ড করতে পেরেছি।’

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর ড্রেসিংরুমের প্রতিক্রিয়ার কথা জানিয়ে শরীফুল বলেন, ‘ড্রেসিংরুমে ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্ট থেকে একটাই বার্তা ছিল, ম্যাচে আমাদেরও সময় আসবে। ইনশাআল্লাহ চেষ্টা করব সেকেন্ড ইনিংস যেন পুরোটা আমাদের হয়।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পান উল্লেখ করে তিনি বলেন, নতুন বলে প্রথম ১৫-২০ ওভার সুইংয়ের সুবিধা অজিরা দারুণভাবে কাজে লাগিয়েছে। বাংলাদেশের ব্যাটারদের বাজে দিন গেছে, তবে দ্বিতীয় ইনিংসে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

৬ উইকেট পেয়েও খুশি নন শরীফুল, চান জয়