২৩ বছর পর ঘরের মাঠে সাফ, সহজ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর ড্র অনুষ্ঠানের পোস্টার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।

এতে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে এই গ্রুপে খেলবে নেপালও। অন্যদিকে ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে মালদ্বীপ।

নেপালের অংশগ্রহণ নির্ভর করছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থার চূড়ান্ত ছাড়পত্রের ওপর। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হবে নেপাল।

এক নজরে গ্রুপগুলো

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল (ফিফার ছাড়পত্র সাপেক্ষে)

গ্রুপ ‘বি’: ভারত, পাকিস্তান ও মালদ্বীপ

দুই গ্রুপেই রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুদল সেমিফাইনালে জায়গা করে নেবে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালের পর এবারই প্রথম আয়োজক হচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে নতুন কোচের অধীনে হামজা চৌধুরী, সামিত সোম, ফারহান আহমেদদের নিয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর বাংলাদেশের লক্ষ্যেই মাঠে নামবে টাইগার অ্যান্ড কোং।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত