
কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে হুতিদের সঙ্গে তীব্র লড়াই চলছে ইয়েমেনি সরকারি বাহিনীর। প্রণালির কাছে কাহবুব পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে টানা সংঘর্ষ চলছে। শনিবার ইয়েমেনি সরকারি বাহিনী দাবি করেছে, সেখানে এক জ্যেষ্ঠ হুতি কমান্ডারসহ সাতজন নিহত হয়েছেন।
ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি জানিয়েছেন, কাহবুব ফ্রন্টে নিহত ব্যক্তিদের মধ্যে হুতি কমান্ডার ফিরাক মোহসেন আল-আসারও রয়েছেন। তাঁর সঙ্গে আরও ছয়জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হুতিরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে হুতিদের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী আল-আসারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
কাহবুবের পাহাড়ি অবস্থানটি বাব এল-মান্দেব প্রণালির ওপর কৌশলগত নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন ধরে হুতিরা ওই এলাকার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তীব্র হামলা চালালেও, এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি বলে জানিয়েছেন ইয়েমেনি কর্মকর্তারা। সরকারি বাহিনীর এক কর্মকর্তা আরব নিউজকে বলেন, চার দিন ধরে চলা লড়াইয়ে হুতিরা জনবল ও সামরিক সরঞ্জামের ক্ষতির মুখে পড়েছে।
তবে একই সময়ে বাব এল-মান্দেবের আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থান শক্ত করেছে হুতি বিদ্রোহীরা। চলতি মাসের শুরুতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা দখল করে হুতিরা। এরপর প্রণালির মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের ওপর হুতিদের সামরিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব এল-মান্দেব দিয়ে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে গুরুত্বপূর্ণ পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালির দুই তীরে সামরিক নিয়ন্ত্রণ বদলে গেলে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ইয়েমেনের সরকারি বাহিনী এখন কাহবুবের পাহাড়ি অঞ্চল ধরে রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। এই পাহাড়ি এলাকা থেকে বাব এল-মান্দেবের উপকূলীয় অংশে হুতিদের অবস্থান পর্যবেক্ষণ ও আক্রমণ করা সম্ভব। অন্যদিকে, হুতিরা উপকূলীয় সমভূমি ও আশপাশের দ্বীপে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি প্রণালির দিকে আরও দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।
স্যাটেলাইট বিশ্লেষণেও বাব এল-মান্দেবের কাছে হুতিদের প্রতিরক্ষা জোরদারের প্রমাণ পাওয়া গেছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে হুতিরা প্রণালির উত্তরে প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ মাটির প্রতিরক্ষা বাঁধ তৈরি করেছে। এতে ওই এলাকায় দীর্ঘমেয়াদি অবস্থান ধরে রাখার প্রস্তুতির ইঙ্গিত মিলছে।
এদিকে, তায়েজসহ ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টেও সংঘর্ষ চলছে। হুতিরা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তায়েজে সৌদি যুদ্ধবিমান ২৬টি হামলা চালিয়েছে। তাদের দাবি, চলতি সপ্তাহে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী প্রায় ৩০০টি বিমান হামলা চালিয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
.png)






