-178766-480x270.webp)
রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ১ ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এসব যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া যাত্রাবাড়ীতে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার তথ্য পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ডিএমপির পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, আগুন লাগার পর বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। এতে কেউ হতাহত হননি। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি পুড়ে যায়। পুলিশ আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
প্রায় একই সময়ে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসের পেছন দিকে আগুন দেওয়া হয়। পরে আশপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নেভায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ছাড়া রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় গাড়ির একটি গ্যারেজের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটি আলিফ পরিবহনের বলে জানিয়েছে পুলিশ। এখানেও আশপাশের লোকজন আগুন নেভায়।
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে রাতে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার রিয়াদ স্ট্রিমকে জানান, সামাদ মার্কেটের সামনে সন্ধ্যার পর ককটেল বিস্ফোরণের তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে শুক্রবার রাজধানীর মগবাজার, মালিবাগ, আগারগাঁও, মহাখালীসহ একাধিক স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী থানার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি।
.png)







