রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন, বিমান চলাচল বিঘ্নিত
স্ট্রিম ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার (১৯ সেপ্টেম্বর) ধোঁয়া ও আগুন দেখা গেছে। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এ ঘটনার পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া গেছে।
রিয়াদের দুই বাসিন্দার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দরের আশপাশ থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়েছেন তাঁরা। এএফপির এক সাংবাদিকও বিমানবন্দরের কাছে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে আগুন দেখতে পেয়েছেন। আগুন নেভাতে দমকলকর্মীদের কাজ করতে দেখা যায়। পুড়ে যাওয়া ট্যাংকটিতে আরামকোর লোগো ছিল।
এদিকে উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের পাশাপাশি অনেক ফ্লাইটে বিলম্ব হয়েছে। ওয়েবসাইটটির সর্বোচ্চ ৫ মাত্রার বিঘ্ন সূচকেও বিমানবন্দরটিকে দেখানো হয়েছে।
এর আগে শনিবার ভোরে রিয়াদ ও আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে বার্তা দেয় সৌদি কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণের মতো শব্দ শোনার কথা জানিয়েছেন বাসিন্দারা।
ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাত নতুন করে বাড়ার পর রিয়াদে এটি প্রথম সতর্কবার্তা। চলতি মাসে হুতিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এতে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে।
হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব হুতিনিয়ন্ত্রিত এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। তবে এতে হুতিদের অগ্রযাত্রা থামেনি। রিয়াদ এ বিষয়ে মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তাও চেয়েছে। তবে সামরিক হামলা চালিয়ে সহায়তায় এখনো রাজি হয়নি ওয়াশিংটন।

রিয়াদের এক বাসিন্দা শনিবারের পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন। মধ্য রিয়াদের ওই বাসিন্দা বলেন, ‘আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বিশেষ করে আগেরবারগুলোর মতো এবার দ্রুত নিরাপদ সংকেত আসেনি।’
উত্তর রিয়াদের ২৭ বছর বয়সী আরেক বাসিন্দা বলেন, ‘আমি সতর্কসংকেত শুনেছি, এরপর বিস্ফোরণের শব্দে আমার জানালা কেঁপে ওঠে। এটা অবশ্যই ভীতিকর ছিল। আমি এমনটা আশা করিনি।’
সৌদি কর্তৃপক্ষ সতর্কবার্তায় যে হুমকির কথা উল্লেখ করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। হুমকিটি কোথা থেকে এসেছে, সেটিও প্রকাশ করা হয়নি।
এর কয়েক দিন আগে বুধবার হুতিদের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ তোলে সৌদি আরব। রিয়াদ ঘটনাটিকে ‘ইসলামের পবিত্র নগরীতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দেয়। তবে হুতিরা অভিযোগ অস্বীকার করে একে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছে।
চলতি মাসে হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলের অভিযান শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে গেছে।
ইয়েমেনে ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরু হয়। সেসময় রাজধানী সানাসহ দেশের বড় এলাকা দখল করে নেয় হুতি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও গত জুলাইয়ে তা ভেঙে পড়ে।
এদিকে হুতিদের দখলে থাকা লোহিত সাগর উপকূলীয় এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের খবর পাওয়া গেছে। হুতি সদস্যরা এএফপিকে জানিয়েছেন, তাঁরা সেখানে রাডার স্থাপন ও সুড়ঙ্গ খননের কাজ করছেন।
রিয়াদে সর্বশেষ এই ঘটনার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সৌদি আরবের সক্ষমতা বাড়াতেই এ অস্ত্র বিক্রি করা হচ্ছে।
.png)






