শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচদের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৮: ২৭
দিল্লির জন্তর মন্তরে বৃহস্পতিবারও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনের প্রতি সংহতি জানাতে সেখানে জড়ো হচ্ছেন মানুষ। ছবি : সংগৃহীত
দিল্লির জন্তর মন্তরে বৃহস্পতিবারও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনের প্রতি সংহতি জানাতে সেখানে জড়ো হচ্ছেন মানুষ। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি নির্যাতনের’ অভিযোগে আগামীকাল দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি সমর্থক, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনকে নিজ নিজ জেলায় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তাঁরা। খবর হিন্দুস্থান টাইমস

সামাজিক মাধ্যমে প্রচার করা এক পোস্টারে সিজেপি ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে দেশজুড়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়।

সিজেপি বলছে, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজন করতে হবে। যাঁরা পুলিশের হামলার শিকার হয়েছেন, তাঁদের প্রতি সংহতি জানাতে হবে। একই সঙ্গে নির্ধারিত স্থানে জড়ো হয়ে উপস্থিত জনতার সামনে শিক্ষার্থীদের দাবিগুলো পড়ে শোনানোরও আহ্বান জানানো হয়।

কর্মসূচি আয়োজনে সহায়তার জন্য সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির নমুনা প্রকাশ করেছে। স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয়, প্রয়োজনীয় অনুমতি নেওয়া এবং শান্তিপূর্ণ কর্মসূচি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির নির্দেশনায় আরও বলা হয়েছে, বিক্ষোভ শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দিতে হবে।

দিল্লির জন্তর মন্তরে মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং অন্যান্য দাবিতে সিজেপির চলমান আন্দোলনের মধ্যেই এ কর্মসূচির ঘোষণা এল।

এদিকে কেন্দ্র সরকার আবারও সিজেপির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করতে সংসদীয় নেতাদের বৈঠক ডাকতে পারে সরকার। বিরোধী দলগুলোকে সরকার জানিয়েছে, পদত্যাগের দাবির মতো কোনো পূর্বশর্ত ছাড়া তারা আলোচনায় বসতে প্রস্তুত।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় আগ্রহী। সিজেপির প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন বা দপ্তরে এসে বৈঠক করতে পারেন।

তবে সিজেপি জানিয়েছে, যেকোনো আলোচনা জন্তর মন্তর বা এর আশপাশেই হতে হবে। সরকারের প্রস্তাবিত স্থানে নয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত