যুক্তরাষ্ট্র-ইরান ৪৭ বছর পর সরাসরি আড়াই ঘণ্টা বৈঠক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

স্থায়ী শান্তির প্রতিষ্ঠায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি উর্দু জানায়, ‘ইসলামাবাদ টকস’ শীর্ষক আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

বিবিসিকে একটি সূত্র জানায়, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে। আগামীকাল রোববার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আবার আলোচনা শুরু হবে।

আলজাজিরা বলছে, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হলো।

এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পরোক্ষভাবে শান্তি আলোচনা শুরু হয়। পরে পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসে।

এদিকে, ইরান সরকার এক্স হ্যান্ডেলের পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনবিষয়ক কারিগরি কমিটিও বৈঠক করেছে। দুই পক্ষের আলোচনায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন।

পোস্টে আরও বলা হয়, ‘কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে সেরেনা হোটেলে আলোচনা অব্যাহত রয়েছে।’

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধি দল ‘সাহসিকতার সঙ্গে’ আলোচনা চালাবে। তিনি আরও বলেন, আলোচনার ফলাফল যাই হোক না কেন, সরকার দেশের জনগণের পাশে থাকবে।

আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন দেশ দুটির প্রতিনিধি দল।

আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সম্পর্কিত