গিনিতে আবর্জনার স্তূপ ধসে গেল ৩০ প্রাণ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯: ৩৮
মরদেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
মরদেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় ময়লার ভাগাড়ের আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারে বলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টার দিকে বিবেসিয়া জেলার দার-এস-সালাম এলাকায় এই দুঘটনা ঘটে। এতে পাশের কয়েকটি ঝুপড়ি ঘর মাটিচাপা পড়ে।

সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানান, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি, সেগুলো মর্গে নেওয়া হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি উদ্ধারকাজ তদারক করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশটির স্যানিটেশনবিষয়ক সামরিক প্রকৌশল ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বালদে মামাদু বাইলোর ভাষ্য অনুযায়ী, রোববারই ভাগাড়টি বন্ধ করে দেওয়ার কথা ছিল।

গিনির প্রধান বিরোধী নেতা সেলু দালেইন দিয়ালো ঘটনাটিকে ‘দেশকে হতবাক করে দেওয়া এক মর্মান্তিক ঘটনা’ অভিহিত করেছেন। রোববার ভাগাড়টি বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘটনা আরও উদ্বেগজনক।’

এর আগে ২০১৭ সালে একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত