ইয়েমেন সংকটে ইরানের হাত নেই: বাঘাই

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি সংগৃহীত

ইয়েমেনের বর্তমান সংকটের সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইয়েমেনে যা ঘটছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিছু পক্ষ পরিস্থিতির সুযোগ নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল ধরাতে চাইছে।’

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে বাঘাই বলেন, এই নৌপথ পরিচালনার জন্য ইরান ও ওমান একটি যৌথ সিদ্ধান্ত নিয়েছে। ওমানে উপসাগরীয় কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত বৈঠকে এই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার ভালো সুযোগ ছিল। কিন্তু ইয়েমেনের সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈঠক স্থগিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজের নিয়ন্ত্রণ এবং পরিচালনায় বাইরের কোনো শক্তির চাপ বা শর্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

পিকঅ্যাক্স মাউন্টেনে ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাঘাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ওই স্থানে হামলার হুমকি দিয়ে আসার প্রেক্ষাপটে বাঘাই বলেন, ‘পিকঅ্যাক্স মাউন্টেনে পারমাণবিক স্থাপনা রয়েছে—এমন দাবি সম্পূর্ণ অমূলক। এই ধরনের অভিযোগগুলো মূলত আমেরিকার মিডিয়া ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।’

বাঘাই আরও বলেন, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, যা স্পষ্ট যুদ্ধাপরাধ। ফুটবল মাঠে নিহত শিশুসহ বিমান হামলায় প্রাণ হারানো সাধারণ মানুষের তথ্য তুলে ধরে তিনি বলেন, হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক মানদণ্ডের চরম লঙ্ঘন।

বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন তাদের প্রতিদ্বন্দ্বী ছাড়াও মিত্ররা অবস্থান নিচ্ছে। তিনি বলেন, ‘ইরানকে কখনোই বিচ্ছিন্ন করা যাবে না। আমেরিকা গাজায় গণহত্যা চালানো শক্তির সাথে হাত মিলিয়ে একটি সার্বভৌম দেশের ওপর আক্রমণ করেছে। ব্রিকস জোটের দেশগুলোসহ মার্কিনিদের মিত্ররাই এখন যুক্তরাষ্ট্রের একমেরুকেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।’

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত