সরাসরি সম্প্রচারের সময় যুক্তরাষ্ট্রে এনবিসি নিউজের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহের সময় একটি টেলিভিশন নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মাটিতে থাকা একজনও রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝে এ ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের (কেএনবিসি-টিভি) মালিকানাধীন। নিউজচপার৪ নামে পরিচিত হেলিকপ্টারটি একটি মেট্রো বাস ও অন্য একটি গাড়ির মধ্যে ঘটে যাওয়া প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ভিডিও ধারণ করছিল।
কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা দুর্ঘটনায় তাদের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি।
হেলিকপ্টারটির ক্রুর সরাসরি সম্প্রচারে দুর্ঘটনার আগের মুহূর্তগুলো ধরা পড়ে। সম্প্রচারের সময় একটি সতর্কতামূলক শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, হেলিকপ্টারটি একটি গাড়ি পার্কিং এলাকায় পড়ে কয়েকটি পার্ক করা গাড়িতে আঘাত করে। এতে চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন আশপাশের কোনো ভবনে ছড়িয়ে পড়েনি।
ঘটনাস্থলে ৫০ জনের বেশি দমকলকর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ঘটনার পর প্রকাশিত ভিডিওতে হেলিকপ্টারটিকে আগুনে জ্বলতে দেখা যায়। দমকলকর্মীরা তখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনাটি তদন্ত করবে।
সূত্র: আল-জাজিরা
.png)
-40e58c.jpeg)





