
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার ১৪ দিনের জন্য পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক টিমোথি কেলি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দেওয়া রায়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিলের আগে তাঁদের জানানো হয়নি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও দেওয়া হয়নি।
এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেন। ট্রাম্প এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন।
নিষেধাজ্ঞার পর তিনটি সংবাদমাধ্যম আদালতে মামলা করে। তাদের আইনজীবীরা বলেন, সাংবাদিকদের কোনো ধরনের নোটিশ বা আপিলের সুযোগ না দিয়েই তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে বলেন, জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনা করে হোয়াইট হাউসে কারা প্রবেশ করতে পারবেন, সে বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে।
তবে সংবাদমাধ্যমগুলোর আইনজীবীরা বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার সময় জাতীয় নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে আদালতের মামলার পর এই যুক্তি সামনে আনা হয়েছে।
কেলি জানান, সাংবাদিকদের যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করার পক্ষে প্রশাসনের যুক্তি যথেষ্ট নয়।
এর ফলে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ আবারও দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।
সূত্র : বিসিসি, সিএনএন।
.png)






