ভারতে স্লিপার বাসে আগুন, পুড়ে অঙ্গার ৯ যাত্রী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ছবি: এনডিটিভি
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। বাসের ইঞ্জিনের তেলে আগুন ধরে গেলে তা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।

তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জানা গেছে, বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবারের দিকে যাচ্ছিল। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

আগুন ছড়িয়ে পড়ার পর বাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে নিজেদের রক্ষা করেন।

এনডিটিভি জানিয়েছে, রাতে যমুনা এক্সপ্রেসওয়েতে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ঘটনার পর পরিস্থিতির খোঁজ নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত