শিকে স্বাগত জানাতে বিমানঘাঁটিতে ট্রাম্প, নজর বাণিজ্যে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: এপি
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: এপি

নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে স্বাগত জানাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিজেই উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোনো বিদেশি নেতাকে অভ্যর্থনা জানাতে মার্কিন প্রেসিডেন্টের বিমানঘাঁটিতে সশরীরে হাজির হওয়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে বিরল।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) অভ্যর্থনা অনুষ্ঠানে রানওয়েতে লাল গালিচা বিছিয়ে শি ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এসময় দুই দম্পতি পরস্পরের সঙ্গে করমর্দন করেন।

এরপর মার্কিন সেনাসদস্যদের দুই পাশে রেখে পাশাপাশি হাঁটেন ট্রাম্প ও শি এবং তোপধ্বনি ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সম্মানে দাঁড়ান।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এক লিখিত বিবৃতিতে শি ট্রাম্পকে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়; বরং অংশীদার হিসেবে কাজ করা। ‘চীনা জাতির পুনর্জাগরণ’ এবং ‘আমেরিকাকে আবার মহান করা’—এই দুই লক্ষ্য পাশাপাশি এগোতে পারে, একে অন্যের পরিপূরক হতে পারে এবং বিশ্বের জন্য সুফল বয়ে আনতে পারে।

শিকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে ট্রাম্পের বিমানঘাঁটিতে যাওয়ার ঘটনা ওয়াশিংটনের কাছে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের গুরুত্বেরই ইঙ্গিত দেয়। গত কয়েক দশকে চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান দেশটিকে এমন এক বৈশ্বিক পরাশক্তিতে পরিণত করেছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে।

সম্প্রতি চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে ট্রাম্প প্রশাসনের চীনা পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের পর। এর জবাবে পাল্টা ব্যবস্থা নেয় বেইজিং। তবে ট্রাম্প ব্যক্তিগতভাবে শির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন এবং চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার আগ্রহও প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র সফরে শির কর্মসূচিতে দেশটির প্রভাবশালী প্রযুক্তি খাতের শীর্ষ নেতাদের অংশগ্রহণে রাষ্ট্রীয় নৈশভোজ, হোয়াইট হাউজে সামরিক আনুষ্ঠানিকতা এবং ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন রয়েছে। ন্যাশনাল আর্কাইভসে যুক্তরাষ্ট্রের সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্রের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত