ইরানের ডলার লেনদেন

মিসরের ব্যাংককে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্নের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২: ২৩
মিসরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক মিসর’। ছবি: সংগৃহীত
মিসরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক মিসর’। ছবি: সংগৃহীত

মিসরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক মিসর’-এর সংযুক্ত আরব আমিরাতের শাখাকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্নের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এ কথা জানায়।

নতুন এ পরিকল্পনা কার্যকর হলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শাখাটি মার্কিন ডলারে লেনদেন করতে পারবে না।

এ সিদ্ধান্তের আগে ৩০ দিনের জন্য জনসাধারণের মতামত নেওয়া হবে। এ সময়ে সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে মতামত জানানো যাবে। এসব মতামত চূড়ান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) জানিয়েছে, ব্যাংক মিসর ইউএইর সঙ্গে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর করেসপনডেন্ট ব্যাংকিং সুবিধা বাতিলের জন্য একটি বিধি প্রস্তাব করা হয়েছে।

দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বৈশ্বিক ডলারভিত্তিক লেনদেন সচল রাখতে ব্যাংক মিসর ইউএইর শাখাগুলো গুরুত্বপূর্ণ কৌশলগত হাব হিসেবে ভূমিকা রাখছে।

এর আগে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সোমবার ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ব্যাংক মিসর ইউএইর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংকের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে। একই সঙ্গে, বিদেশি ব্যাংকগুলোর অ্যাকাউন্টের ক্ষেত্রে বাড়তি নজরদারি ও কড়া যাচাই-বাছাই নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

শুক্রবারের ঘোষণায় দুবাইয়ে থাকা ইরানের ব্যাংক মেল্লির শাখার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপক রেজা মোহাম্মদ তাইয়িদির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্যাংক মেল্লি ইরানের অন্যতম বড় বাণিজ্যিক ব্যাংক। ১৯৭৯ সালের বিপ্লবের আগে এটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করত। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ব্যাংকটির শাখা রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, ব্যাংক মেল্লি ইরানের সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করেছে। এর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্স এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস মন্ত্রণালয় রয়েছে। দুটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত