ট্রাম্পের বক্তৃতা নিয়ে জুয়া, হোয়াইট হাউসের সাবেক কর্মীকে জরিমানা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২: ৩৯
হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজ। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজ। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় কী বলা হবে, তা আগেই জানতেন হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজ। সেই তথ্য ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলতেন। এ ঘটনায় তাকে ১ লাখ ৭২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ফেডারেল কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) এ তথ্য জানিয়েছে।

সিএফটিসির অভিযোগ, হোয়াইট হাউসে কাজ করার সময় পাওয়া ‘গুরুত্বপূর্ণ ও অপ্রকাশ্য তথ্য’ ব্যবহার করে পেরেজ কালশি নামের অনলাইন প্ল্যাটফর্মে বাজি ধরতেন।

সিএফটিসি জানিয়েছে, পেরেজকে অবৈধভাবে আয় করা ১ লাখ ৭ হাজার ৫৩৯ দশমিক ০২ ডলার মুনাফা ফেরত দিতে হবে। পাশাপাশি তাকে ৬৫ হাজার ডলার দেওয়ানি জরিমানা দিতে হবে। তদন্তে পেরেজের সহযোগিতার কারণে জরিমানার অর্থ কম রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

যেভাবে বাজি ধরতেন পেরেজ

সিএফটিসির তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াইট হাউসে টেলিপ্রম্পটার অপারেটর হিসেবে কাজ করার সময় পেরেজ ট্রাম্পের বক্তৃতায় কোন শব্দ বা বাক্যাংশ ব্যবহার হতে পারে, তা নিয়ে কালশিতে বাজি ধরতেন।

হোয়াইট হাউসে তার দায়িত্বের কারণে ট্রাম্প বক্তৃতা দেওয়ার আগেই তিনি এসব বক্তব্য সম্পর্কে জানতে পারতেন। সিএফটিসির ভাষ্য, পেরেজ সেই তথ্য ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন এবং তার ওপর থাকা ‘আস্থা ও গোপনীয়তার দায়িত্ব’ লঙ্ঘন করেছেন।

জরিমানার পাশাপাশি পেরেজ ভবিষ্যতে বাজারে কারসাজি–সংক্রান্ত ফেডারেল আইন ও সিএফটিসির বিধি লঙ্ঘন না করার বিষয়ে সম্মত হয়েছেন।

হোয়াইট হাউসের চাকরি হারান

পেরেজের বিরুদ্ধে সিএফটিসির এ ঘোষণা আসে হোয়াইট হাউস থেকে তার চলে যাওয়ার প্রায় এক মাস পর। তবে তিনি নিজে পদত্যাগ করেছেন, নাকি তাকে বরখাস্ত করা হয়েছে, তা পরিষ্কার নয়।

তবে চাকরি ছাড়ার আগে তাকে বিনাবেতন ছুটিতে পাঠানো হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তৃতায় কী বলা হবে, তা আগেই জেনে বাজি ধরে তিনি ১ লাখ ডলারের বেশি জিতেছিলেন কি না, তা নিয়ে তখন তদন্ত চলছিল।

সে সময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অভিযোগটিকে ‘দুঃখজনক এবং লজ্জাজনক’ বলে মন্তব্য করেছিলেন।

হোয়াইট হাউসের কর্মীদের নথি অনুযায়ী, টেলিপ্রম্পটার অপারেটর হিসেবে পেরেজের বার্ষিক বেতন ছিল ১ লাখ ৭৫ হাজার ডলার।

সূত্র: দ্য গার্ডিয়ান

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত