কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে রুশ হামলা, বিস্ফোরণে নিহত ৩৭

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৯: ৪৩
শনিবার সকালেও কিয়েভের পশ্চিমদিকে গোলাবারুদ রাখার একটি গুদাম থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: এএফপি
শনিবার সকালেও কিয়েভের পশ্চিমদিকে গোলাবারুদ রাখার একটি গুদাম থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণ ও বড় ধরনের আগুনে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। এ সময় অগ্নিকাণ্ডে আশপাশের অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান, বুচা জেলায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন বলে জানিয়েছেন তাকাচেঙ্কো।

কিয়েভের পশ্চিম উপকণ্ঠের কাছে মাইলা শহরের একটি গুদামে রুশ ড্রোনটি আঘাত হানে। সেখানে গোলাবারুদ রাখা ছিল বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হামলার পর একাধিক বড় বিস্ফোরণ ঘটে। এছাড়া আশপাশের বাড়ি ও একটি রেস্তোরাঁয় ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।

গুদামটিতে বিস্ফোরক ও অন্যান্য উপকরণ সংরক্ষণ বৈধ ছিল কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, তা তদন্ত করে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ফৌজদারি অবহেলার অভিযোগেও তদন্ত শুরু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গুদামটি সম্পর্কে বিস্তারিত না জানালেও বলেছেন, আবাসিক এলাকা বা বাড়িঘরের কাছে গোলাবারুদ সংরক্ষণের অনুমতি নেই।

এদিকে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া থেকে ইউক্রেন লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী।

গুদামে হামলার বাইরে শনিবার ভোরের রুশ হামলায় কিয়েভে দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রাজধানীর উপকণ্ঠে নিহত হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীও।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ওপর দূরপাল্লার হামলা জোরদার করেছে। এতে ক্রমেই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে লজিস্টিক গুদাম, তেল স্থাপনা ও বন্দরসহ বিভিন্ন অবকাঠামো। এসব হামলায় বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা।

অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত