মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হুতিদের হামলার দৃশ্য। ১৫ সেপ্টেম্বর হুতি সামরিক গণমাধ্যম প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ছবি: রয়টার্স
ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হুতিদের হামলার দৃশ্য। ১৫ সেপ্টেম্বর হুতি সামরিক গণমাধ্যম প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ছবি: রয়টার্স

মুসলমানদের সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যেই সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের হামলার পর বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত নতুন ভ্রমণ সতর্কতায় সৌদি আরবকে ‘লেভেল-৩: ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ তালিকায় রেখেছে ওয়াশিংটন।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ২০১৭ সালের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয়বার হামলার চেষ্টা।

মক্কা মুসলিমদের সবচেয়ে পবিত্র নগরী এবং হজের প্রধান কেন্দ্র। আল-মালিকি বলেছেন, পবিত্র দুই মসজিদ ও সেখানে থাকা মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। তবে মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সৌদি আরবের দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলে মন্তব্য করেছেন।

গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুতিদের হামলা বেড়েছে। সোমবার সৌদির একটি বিমানঘাঁটিতে সফল হামলার দাবি করে বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যরা। সৌদি নেতৃত্বাধীন জোটের কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হন। হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবেই তারা এসব হামলা চালিয়েছে।

এর আগে গতকাল (১৫ সেপ্টেম্বর) মক্কা, জেদ্দা, তায়েফসহ কয়েকটি বড় শহরে বিস্তৃত নিরাপত্তা সতর্কতা জারি করেছিল সৌদি আরব। পরে এই সতর্কতা তুলে নেওয়া হয়। সতর্কতা চলাকালীন সময়ে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন সৌদি ভূখণ্ডে আঘাত করেছে কি না, সে বিষয়ে তখন তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সৌদি আরবের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সৌদি আরবকে ‘লেভেল-৩: ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্কতায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করেছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে স্থানীয় আইনের বিষয়েও সতর্ক করা হয়েছে।

প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল-৪: ভ্রমণ করবেন না’ নির্দেশনা বহাল রেখেছে ওয়াশিংটন।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি তেল সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের পশ্চিম উপকূলের বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থান আরও শক্ত করেছে হুতিরা। এই প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ নৌপথ। হুতিদের উপস্থিতি হরমুজ এড়িয়ে সৌদি আরবের বিকল্প তেল রপ্তানি রুটকেও ঝুঁকিতে ফেলেছে।

এর আগে গত শুক্রবার হামলার পর সৌদি আরবের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ রয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে এই পাইপলাইনটি সৌদি তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প রুট হয়ে উঠেছিল। ব্যবসায়ীদের হিসাবে, দীর্ঘ সময় পাইপলাইনটি বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকিতে পড়তে পারে।

তবে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, কয়েক দিনের মধ্যেই পাইপলাইন দিয়ে আবার অপরিশোধিত তেল প্রবাহ শুরু হতে পারে। এদিকে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চাইলেও এখন পর্যন্ত ওয়াশিংটনের সহায়তা গোয়েন্দা তথ্যের মধ্যেই সীমিত রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত