মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু সেপ্টেম্বরে, বিনা খরচে ১০ হাজার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৪: ২৫
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর শেষ নাগাদ দুই লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে বিনা খরচে দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মীর শাহে আলম জানান, বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে। এ সময়ে মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে দুই লাখ শ্রমিক পাঠানো হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়া হবে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করেন দেশটির হাইকমিশনার। সফরটি সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: বাসস
সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: বাসস

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির পাশাপাশি অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের বিষয়টি গুরুত্ব পায়। পরে বাংলাদেশি প্রকৌশলীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি, দুই দেশের যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে বৈদ্যুতিক গাড়ি আমদানি, নির্মাণ খাত, হালাল খাদ্য, খেলাধুলার সামগ্রী উৎপাদনসহ বিভিন্ন খাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় উঠে আসে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে বৈঠকে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত