টাঙ্গাইলের তাঁত

জাতীয় জাদুঘরে চার দিনের ‘হেরিটেজ, হারমোনি, হ্যান্ডলুম’ মেলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫২
জাতীয় জাদুঘরে টাঙ্গাইলের শাড়ি প্রদর্শনী। স্ট্রিম ছবি
জাতীয় জাদুঘরে টাঙ্গাইলের শাড়ি প্রদর্শনী। স্ট্রিম ছবি

তাঁতের খটখট শব্দ, রঙিন সুতা আর নিপুণ হাতে বোনা শাড়িতে উঠে এসেছে টাঙ্গাইলের শত বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে উদ্যাপন, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ও মেলা।

‘হেরিটেজ, হারমোনি, হ্যান্ডলুম: সেলিব্রেটিং দ্য লিগ্যাসি অব টাঙ্গাইল লুম’শিরোনামে এ আয়োজন শুধু শাড়ির প্রদর্শনী নয়; টাঙ্গাইলের তাঁতশিল্পের ইতিহাস, কারিগরদের দক্ষতা এবং একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গল্প তুলে ধরছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ড যৌথভাবে এ আয়োজন করেছে। ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেলা ও প্রদর্শনী।

উদ্বোধনের পর বেলা ১টা থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে টাঙ্গাইলের তাঁতশিল্প নিয়ে তথ্যচিত্র প্রদর্শন শুরু হয়। পাশাপাশি গ্যালারিসংলগ্ন লবিতে বসেছে ঐতিহ্যবাহী তাঁতশাড়ির মেলা। দর্শনার্থীরা সেখানে টাঙ্গাইলের বিভিন্ন ধরনের তাঁতশাড়ি দেখার পাশাপাশি এ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য ও কারুশিল্প সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের ভাষ্য, টাঙ্গাইলের তাঁতশিল্প কেবল একটি পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, কারিগরি জ্ঞান এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা বয়নপ্রথা। ফলে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এ ঐতিহ্যকে কীভাবে টেকসইভাবে সংরক্ষণ করা যায়, সেটিও আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত বয়নশিল্পের ইউনেস্কো স্বীকৃতি বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক ও সাংস্কৃতিক অর্জন। তবে স্বীকৃতির সঙ্গে দায়িত্বও বেড়েছে।

তাঁতশিল্পের সংরক্ষণ ও প্রসারের পাশাপাশি শিল্পীদের অধিকার এবং জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই ‘জীবন্ত ঐতিহ্য’ রক্ষায় তাঁতশিল্পীদের ন্যায্য অধিকার ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখতে হবে।

২০২৪ সালে টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া বিরোধের প্রসঙ্গও আসে অনুষ্ঠানে। বক্তারা জানান, বাংলাদেশের উদ্যোগ ও জোরালো অবস্থানের ধারাবাহিকতায় ২০২৫ সালের ৯ ডিসেম্বর ইউনেস্কোর ২০তম অধিবেশনে ‘ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বয়নশিল্প’ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

এই স্বীকৃতির পর রাজধানীতে আয়োজিত এবারের মেলাকে টাঙ্গাইলের তাঁতশিল্পের ঐতিহ্যকে নতুন করে সামনে আনার একটি সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবরিনা মনীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান সুজান ভাইসে।

আলোচনায় টাঙ্গাইলের তাঁতশিল্পের ঐতিহাসিক পটভূমি, নকশা ও বয়নশৈলীর বৈশিষ্ট্য এবং এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা মনে করেন, ঐতিহ্যকে শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁতিদের সঙ্গে সম্পৃক্ত করে এর উৎপাদন, বিপণন ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত