
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য জাল নথি তৈরির চক্রে জড়িত থাকা এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
আটকদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারীকে ওই প্রতারণা চক্রের মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাতে মালয় মেইল জানিয়েছে, সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন বাণিজ্যিক এলাকার ১১টি স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে আটক হওয়া ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জনের বিরুদ্ধে বিদেশি শ্রমিকদের জন্য নথি জাল করার চক্র পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বাকি ১৬ বাংলাদেশিকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এছাড়া অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আরো তিন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন মিয়ানমারের এবং দুজন ইন্দোনেশিয়ার নাগরিক।
অপস সেরকাপ নামে পরিচালিত এ অভিযানে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে জাল অস্থায়ী কর্মসংস্থান পাসের (ই-পিএলকেএস) কপি এবং ভুয়া পুলিশ প্রতিবেদনও পাওয়া গেছে। প্রতিটি জাল কর্মসংস্থান পাশ ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভুয়া পুলিশ প্রতিবেদন ৭০ রিঙ্গিতে বিক্রি করা হত।
.png)
-40e58c.jpeg)





