আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ২
স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া
-2216ad-480x270.webp)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জের লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে। এ জন্য উপজেলা পরিষদের মিলনায়তন বরাদ্দ চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন পাঠাগারের সভাপতি আতাউর রহমান।
বুধবার দুপুরে মিলনায়তন বরাদ্দসহ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে আতাউর রহমান ও রাসেল বিপ্লব উপজেলা পরিষদে যান। ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে দেখতে পেয়ে তারা আর ভেতরে ঢোকেননি। পরে নিচে নেমে কথা বলার সময় বিএনপির কয়েকজন সমর্থক তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাসেল বিপ্লব অভিযোগ করে বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নিজে এসে তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতিপক্ষ হয়ে আছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।’
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি (রুমিন ফারহানা) চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।’
.png)
-40e58c.jpeg)




-92d8ff-256x144.webp)
-a8f65e-256x144.webp)