স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু, জানালেন ডা. জাহেদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভোটারের সারি। ছবি: সংগৃহীত
ভোটারের সারি। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের প্রথমার্ধে শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, চলতি মাসের শেষে নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হতে পারে। এরপর আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—প্রতিটি স্তরের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এগুলো চলতি মাসের শেষ দিকে চূড়ান্তের পর প্রকাশ করা হতে পারে। এরপর আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সারা দেশকে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান এলাকা এবং সমতল অঞ্চল—এভাবে ভাগ করে সম্ভাব্য সময়সূচি নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয়ের কিছু নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ায় অনেকেই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সরকার শুরু থেকেই বলে আসছে, এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

আবহাওয়ার বিষয়টি বিবেচনায় শুষ্ক ও শীত মৌসুমে বেশি এলাকায় নির্বাচনের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, অক্টোবরে নির্বাচন শুরু হলে তা শেষ করতে ১০ থেকে ১২ মাস লাগতে পারে। সেই হিসাবে ২০২৭ সালের অক্টোবর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত