শ্রীমঙ্গলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০: ৫৮
শ্রীমঙ্গল থানা। ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গল থানা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিরাজ একই উপজেলার সুইনগড় গ্রামের রফিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে শিশুটিকে নির্যাতনের অভিযোগে শ্রীমঙ্গল থানায় মামলা করেন তার অভিভাবক। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

জানা গেছে, সর্বশেষ রোববার সকালে অনৈতিক কাজে অস্বীকৃতি জানালে শিশুটিকে মারধর করেন অভিযুক্ত মিরাজ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এসআই হাবিবুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই শিক্ষক অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার সকালে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়মিত শিক্ষক।

তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ সুমামার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আটক ব্যক্তি মাদ্রাসার নিয়মিত শিক্ষক নন। তিনি ‘পার্টটাইম’ শিক্ষক হিসেবে সেখানে পাঠদান করতেন। ভালোভাবে শিক্ষকতা করতে পারলে পরে তাকে নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলেও জানান তিনি। আটক শিক্ষকের বয়স প্রায় ২০ বছর বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে মাদ্রাসার অফিশিয়াল নম্বরে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ফোনে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি প্রতিবেদককে মাদ্রাসায় গিয়ে তথ্য নেওয়ার পরামর্শ দেন। পরে ওই নম্বরে একাধিকবার ফোন করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত