নওগাঁয় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, নিহত দুজন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নওগাঁ

নওগাঁয় দুর্ঘটনার পর দুজনকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সংগৃহীত ছবি
নওগাঁয় দুর্ঘটনার পর দুজনকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সংগৃহীত ছবি

নওগাঁর পত্নীতলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ‘আমবাটি ডাবল ব্রিজ’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)। সোমবার (১১ মে) সকালে তাঁদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক।

পত্নীতলা থানা সূত্রে জানা যায়, মতিউর ও নাজমুল নিজেদের প্রাইভেটকার নিয়ে দিনাজপুরের হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন। নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল সেতু এলাকায় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকা পড়েন মতিউর ও নাজমুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নাজমুলের বাবা নজরুল ইসলাম জানান, পরিবারের কাজে প্রতিবেশী মতিউরকে নিয়ে নিজেদের প্রাইভেটকারে হিলি যাচ্ছিল তাঁর ছেলে। রাতে পুলিশের কাজ থেকে দুর্ঘটনার খবর পান।

ওসি নিয়ামুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত