রোসাটমের মহাপরিচালকের সঙ্গে বৈঠক

রূপপুরের কাজ দ্রুত শেষ করার আহ্বান প্রযুক্তিমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫২
রোসাটমের মহাপরিচালকের সঙ্গে শুভেচ্ছা স্মারক বিনিময় করছেন প্রযুক্তিমন্ত্রী। ছবি: সংগৃহীত
রোসাটমের মহাপরিচালকের সঙ্গে শুভেচ্ছা স্মারক বিনিময় করছেন প্রযুক্তিমন্ত্রী। ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের সাইডলাইন বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের প্রতি এই আহ্বান জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

বৈঠকে রূপপুর থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রযুক্তিমন্ত্রী ও রোসাটমের মহাপরিচালক উভয়েই লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্মাণকাজ শেষ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। অ্যালেক্সি লিখাচেভ প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে প্রযুক্তিমন্ত্রী ও রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা এই দ্বিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত