বিনিয়োগনির্ভর অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: রাশেদ আল মাহমুদ তিতুমীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২৩: ১৮
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংগৃহীত ছবি
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংগৃহীত ছবি

বিএনপির সরকার বিনিয়োগনির্ভর অর্থনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য সবার আগে বাংলাদেশ। এই ম্যান্ডেট বাস্তবায়নে এমন একটি মডেল অনুসরণ করা হচ্ছে, যা মূলত উৎপাদনে বিনিয়োগের ওপর নির্ভরশীল। এই প্রক্রিয়ায় একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে করের হার না বাড়িয়েই সরকারি রাজস্ব আহরণ বৃদ্ধি সম্ভব হবে।’

তিনি আরো বলেন, শিক্ষার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, নাগরিক অধিকার সচেতনতা এবং উচ্চতর পর্যায়ে উদ্ভাবনী গবেষণাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতে তৃণমূল পর্যায়ে জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম চালুর মাধ্যমে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাব-ডিস্ট্রিক্ট বা উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক জীবনযাত্রা জনিত রোগ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া রাজস্ব আহরণব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। অতীতে প্রভাবশালীদের তুষ্ট করতে যে যথেচ্ছ কর ছাড় ছিল, তার অবসান ঘটবে। এখন থেকে কর আদায়ের পুরো বিষয়টি সার্বভৌম পার্লামেন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

তিনি জানান, রাজস্ব ফাঁকি ও দুর্নীতি রোধে ইতিমধ্যে তিনটি শক্তিশালী টাস্ক ফোর্স কাজ শুরু করেছে। যার ফলে চট্টগ্রাম কাস্টমস হাউজসহ বিভিন্ন সেক্টরে রাজস্ব আহরণে রেকর্ড প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব প্রবৃদ্ধি ২ শতাংশ থেকে বাড়িয়ে ৯-১০ শতাংশে উন্নীত করার কাজ চলছে। করদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, ‘দারিদ্র্য বিমোচনে সরকার একটি সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলছে। এই ব্যবস্থায় ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার, যা দারিদ্র্যের হার অন্তত ৫ শতাংশ কমিয়ে আনবে বলে আশা করছেন। এছাড়া ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরির মাধ্যমে ওয়ান কার্ড, ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল ওয়ালেট-ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে, যা আর্থিক লেনদেনে দুর্নীতি কমিয়ে আনবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত