চিকিৎসায় অবহেলার অভিযোগে প্রতিকার দেবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২০: ৫৬
জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নাগরিক প্ল্যাটফর্‌ম ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নাগরিক প্ল্যাটফর্‌ম ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’। ছবি: সংগৃহীত

‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্‌ম যাত্রা শুরু করেছে। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও স্বজনদের অভিযোগ জানানো এবং প্রতিকার পেতে সহায়তা করবে প্লাটফর্‌মটি।

শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্ল্যাটফর্মটির আহ্বায়কের দায়িত্বে আছেন নীবিন রেজা ও সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসাসংক্রান্ত অভিযোগ কোথায় ও কীভাবে জানাতে হবে, কোনো চিকিৎসা নথি সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তা কোথায় পাওয়া যাবে—এসব বিষয়ে রোগী ও স্বজনদের তথ্য ও দিকনির্দেশনা দেবে প্লাটফর্‌মটি।

অনুষ্ঠানে ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রাশনা ইমাম ও আলতাফ পারভেজ বক্তব্য দেন। ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশে কার্যকর আইনি অবকাঠামোর ঘাটতি রয়েছে। চিকিৎসক ও হাসপাতালগুলোকে যুক্ত করে একটি ‘ল’ কমিশন গঠনেরও প্রস্তাব দেন তিনি। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সম্পদের ঘাটতি এবং লাইসেন্সের শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, সেদিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

প্ল্যাটফর্মটির লক্ষ্য শুধু অভিযোগ গ্রহণ নয়। প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রয়োজনীয় সহায়তার পথ দেখানো এবং একটি ঘটনার শিক্ষা ভবিষ্যতে রোগীর নিরাপত্তা বাড়াতে কাজে লাগানো হবে। একই সঙ্গে রোগীর অধিকার ও চিকিৎসকের পেশাগত মর্যাদা—দুই দিককেই গুরুত্ব দেওয়া হবে।

লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, দেশের স্বাস্থ্যসেবায় নিরাপত্তা ও নাগরিক আস্থার ঘাটতি রয়েছে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে।

আয়োজকেরা বলেন, কোনো অভিযোগ মানেই চিকিৎসায় অবহেলার প্রমাণ নয়। তবে প্রতিটি অভিযোগ শোনা, নিরপেক্ষভাবে যাচাই করা এবং প্রয়োজন হলে প্রতিকার নিশ্চিত করা নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

চিকিৎসায় অবহেলার অভিযোগে প্রতিকার দেবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’