আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২১: ৪২
টরন্টো দূতাবাসে যুক্তরাষ্ট্র ও কানাডার পতাকা উড়ছে। ছবি: সংগৃহীত
টরন্টো দূতাবাসে যুক্তরাষ্ট্র ও কানাডার পতাকা উড়ছে। ছবি: সংগৃহীত

কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তিন দিন ধরে আলোচনার পর কোনো সমঝোতা না হওয়ায় নতুন শুল্ক আরোপ করা হয়। খবর আল–জাজিরা

আলোচকদের চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শনিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে শেষ হয়। তবে এর আগেই দুই দেশের কর্মকর্তারা জানান, চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি।

নতুন শুল্কের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, কানাডা ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করবে।

এক বিবৃতিতে কার্নি বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও কানাডীয়দের স্বার্থ রক্ষায় তা যথেষ্ট হয়নি। বাণিজ্যযুদ্ধের প্রভাব কমাতে শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আগামী কয়েক দিনের মধ্যে নতুন সহায়তা কর্মসূচি নেওয়ার কথাও জানান তিনি।

তবে চুক্তি না হওয়ার জন্য কানাডাকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বের সুযোগ কানাডা নষ্ট করেছে।

তার দাবি, আলোচনার শুরুতে যেসব শর্তে সমঝোতা হয়েছিল, পরে কানাডার নতুন কিছু দাবি ও আগের প্রতিশ্রুতি থেকে সরে আসায় সেই সমঝোতা ভেস্তে যায়।

গত বছর ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কানাডার বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করেন। জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে।

নতুন শুল্কের কারণে কানাডার অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিশেষজ্ঞ জুলিয়ান কারাগুসিয়ান বলেন, ৫০ শতাংশ শুল্কের কারণে শত শত কানাডীয় পণ্যের দাম বেড়ে গিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়তে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র