সাভারে গোয়েন্দা কর্মকর্তা আলতাফ হত্যা মামলায় গ্রেপ্তার ৮
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ও র্যাব-৪। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১০-এর সদর কোম্পানি রবিবার সন্ধ্যা সাড় ৭টার দিকে মুন্সীগঞ্জ জেলার সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভারের আমিনবাজার এলাকার মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (২৬), সামসুলের দুই ছেলে আপন (৩০) ও জিহাদ (২০) এবং মৃত নজরুলের ছেলে ইমরান (২৬)।
র্যাব-৪-এর আরেকটি দল সাভারের আমিনবাজার এলাকা থেকে আরও ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মৃত আব্দুল জলিলের ছেলে নূর মোহাম্মদ রুদ্র (২৪), বজলু শেখের ছেলে রাকিব মিয়া (২৮), মৃত হালিম মিয়ার ছেলে ছাব্বির আহম্মেদ (২৪) এবং জিন্নত আলীর ছেলে ওয়াসিম (৪০)।
উল্লেখ্য ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বরদেশীতে শনিবার রাতে একটি অটোরিকশা গ্যারেজের মালিককে মারধর করছিল একটি প্রাইভেটকারের চালক ও তার সহযোগীরা। সেখানে আলতাফ হোসেন (৫৮) ও তাঁর ছেলে এই ঘটনার প্রতিবাদ করেন। এতে তাঁদের ওপর চড়াও হন আসামিরা। আলতাফ হোসেন দৌড়ে তাঁর ছেলের পোশাক কারখানার ভেতরে আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা বাইরে থেকে আরও ১৫ থেকে ২০ জন সহযোগীকে ডেকে এনে কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
.png)






