
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫-২০ জন নারী-পুরুষকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিষয়টি টের পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধা দিলে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তের ২৮৯/৪৬ সাব-পিলার এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে দাউদপুর বিওপির অধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ সাব-পিলার এলাকায় ১৫-২০ জন নারী-পুরুষকে জড়ো করে বিএসএফ। তাদের কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে তারা। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে অবস্থা নিলে ভোরের দিকে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
স্থানীয় বাসিন্দা জাহিনুর বলেন, রাতে গরমের কারণে বাড়ির পাশের মাঠে দাঁড়িয়ে ছিলাম। এ সময় ভারতীয় কয়েকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখি। আমি চিৎকার করলে সীমান্ত পোস্টে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসীরা দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হন।
স্থানীয় বাসিন্দা সাহেব আলী বলেন, প্রথমবার ব্যর্থ হওয়ার কিছুক্ষণ পর পাশের আরেকটি এলাকা দিয়েও তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। সেখানেও গ্রামবাসীরা তাদের প্রতিহত করে। পরে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিয়ে যায়।
নায়েব সুবেদার মাহাবুর রহমান জানান, গ্রামবাসীর সহযোগিতায় আমরা পুশইনের চেষ্টা প্রতিহত করেছি। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও নিজ উদ্যোগে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।
.png)






