রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
স্ট্রিম সংবাদদাতাঠাকুরগাঁও

রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে দেশে সমঝোতা ও গণতন্ত্রের রাজনীতির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নের ভাতারমারি ইক্ষু খামার এলাকায় নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকরা সমসাময়িক রাজনীতি নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি প্রশ্ন করেন, করতে পারেন। তবে আমি এখন পলিটিক্যাল প্রশ্নের উত্তর দেব না।’
সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা সংঘাত এবং প্রতিশোধের এই ধরনের রাজনীতি দেখতে চাই না। সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সহনশীলতার রাজনীতি—গোটা দেশের মানুষের এটাই চাওয়া।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জাতীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ও নির্দেশনার ফলেই খুব অল্প সময়ে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এবং জমি বরাদ্দ সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শুরুর আশা প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ঘটবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এর আগে সকালে শহর থেকে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় রাষ্ট্রপতিকে বরণ করতে ১৫ কিলোমিটার সড়কজুড়ে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে থাকেন এবং শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়।
জামালপুর গ্রামের জোলেখা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘হামার ফখরুলকে দেখার জন্য মুই অপেক্ষা করছি সকাল থেকে এইঠে দাঁড়াই আছু।’
.png)






