
সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে মো. শিপু মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে। শিপু উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তিনি টেকেরঘাট থেকে বালুবোঝাই নৌকা নিয়ে মাটিয়ান হাওর এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাহিরপুর থানার ওসি ফারুক আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিটন তেলিয়াপাড়া চা-বাগানের নোয়াহাটি এলাকার বাসিন্দা ঠাকুর ধন সরকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টি শুরু হলে লিটন বাড়ি থেকে আন্দিউড়া এলাকার একটি ফসলের মাঠে যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
.png)
-40e58c.jpeg)





