
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে আরও এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে পুনরায় তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাঁকে দুই বছরের জন্য পিআইবির মহাপরিচালক নিয়োগ দেয়।
ফারুক ওয়াসিফ দৈনিক সমকালে পরিকল্পনা সম্পাদক ও প্রথম আলোয় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথমা প্রকাশনের ত্রৈমাসিক সাময়িকী ‘প্রতিচিন্তা’র নির্বাহী সম্পাদকও ছিলেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘জল জবা জয়তুন’, ‘বিস্মরণের চাবুক’ ও ‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’।
.png)






