নারী এমপিকে কটূক্তি/কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
স্ট্রিম সংবাদদাতাকুষ্টিয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী মহিলা দল। এর প্রতিবাদে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরে ঝাড়ু মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় বক্তব্য দেন এমপি আমির হামজা। এতে কুষ্টিয়ার তিনটি আসনে বিএনপির সংরক্ষিত নারী এমপি ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী মহিলা দল।
এর প্রতিবাদ দুপুর ১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেত্রীরা। এ সময় মুফতি আমির হামজার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগের প্রতি দাবি জানান তারা।
সমাবেশে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পী আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ২, ৩ ও ৪ সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। তিনি জেলার ভেড়ামারার নওদাপাড়ার বাসিন্দা। তাঁকে ইঙ্গিত করে গত সোমবার বিকালে দৌলতপুরে জামায়াতের মতবিনিময় সভায় বক্তব্যে আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) সারের ডিলার নিয়োগের জন্য রোববার মিটিং ডেকেছেন। এতে এখানকার সংসদ সদস্য যারা, তারা থাকবেন দায়িত্বে। অথচ দেখলাম আমাদের মাইনাস করে, যারা অন্তত ফেল করেছে, তাদের নিয়ে মিটিং করা হচ্ছে। অথবা যারা সংরক্ষিত মহিলা আসনের এমপি, তারা এখন এমন ভাব দেখাচ্ছে যে, এই কুষ্টিয়া-২, ৩, ৪ নম্বর আসনের দায়িত্ব তাদের দিয়েছে।
সংরক্ষিত আসনের এমপিকে ইঙ্গিত করে আমির হামজা আরও বলেন, ‘আপনাকে দায়িত্ব দিল কে? সে যেই দিক না কেন, সেও যে দিয়েছে, সেও এমপি, আমিও এমপি। কিন্তু আপনি তো সংরক্ষিত আসনের। আপনারই যদি এই ভাব হয়, আমাদের তো আরও ১০০ গুণ ভাব হওয়া দরকার।’
সংরক্ষিত নারী এমপির ভোটের প্রসঙ্গে তুলে আমির হামজা বলে, ‘আমি এক লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই। আপনাকে দায়িত্ব দিয়ে দিলেও সাংবিধানিকভাবে কোনো গুরুত্ব নেই, কোনো সিস্টেম নেই রাষ্ট্রের। আর আপনি নিজে এসে প্রচার করছেন যে, আমি তিন আসনের দায়িত্ব পেয়েছি। তার মানে তিনজন পুরুষ মানুষ মিলিয়ে... আমি আর নিচে নামলাম না।’
এসব সম্পর্কে জানাতে চাইলে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, সারের ডিলার নিয়োগ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যরা উপদেষ্টা হিসেবে থাকার কথা থাকলেও, এখানে দলীয়করণ করা হয়েছে। বিএনপি নিজেদের মতো করে যা করেছে, তা মোটেই গ্রহণযোগ্য না। এমন হলে তো সাধারণ ব্যবসায়ীরা কোনো সুযোগ পাবে না। এসব কারণেই মুফতি আমির হামজা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন।
.png)






