৭ মাসে রাজনৈতিক কারণে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন
স্ট্রিম প্রতিবেদক

গত সাত মাসে দেশে রাজনৈতিক কারণে মানবাধিকার লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে সভায় এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, গত সাত মাসে দেশে রাজনৈতিক কারণে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে।
বিগত ১৭ বছরের জঞ্জাল একবারে মূলোৎপাটন করা কঠিন দাবি করে মাহদী আমিন জানান, সাত মাসে রাষ্ট্রীয় মদদে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। বিরোধী দলের মত ও পথ হরণ করা হয়নি। দেশে বর্তমানে সর্বোচ্চ বাক্স্বাধীনতা নিশ্চিত হয়েছে। কোথাও অশালীন আচরণ করা হলেও সরকারের পক্ষ থেকে সহিষ্ণুতা ও সহাবস্থান বজায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সব মত ও পেশার মানুষের সমর্থন পাচ্ছে সরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তবে মাহদী আমিনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। টিআইবির পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, গত সাত মাসে কেবল বাক্স্বাধীনতা চর্চার কারণে কমপক্ষে ৫২টি হয়রানির ঘটনা ঘটেছে এবং ৫৮ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগকেই সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়। ২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই আইনের প্রয়োগ অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।
ইফতেখারুজ্জামান আরও জানান, এই সময়ে হেফাজতে নির্যাতনের ৫১টি ঘটনা ঘটেছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে সাতজনের মৃত্যু হয়েছে। একটি গুমের ঘটনাও নথিভুক্ত হয়েছে। পাশাপাশি কন্যাশিশু ও নারীর প্রতি ১ হাজার ৭০০টির বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা ৫০৩টি।
টিআইবির তথ্যের জবাবে মাহদী আমিন পুনরায় দাবি করেন, রাজনৈতিক কারণে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে বিশাল রাষ্ট্র কাঠামোর কোথাও বিচ্ছিন্নভাবে ভুলভ্রান্তি হলে সরকার তা দেখছে এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী এবং রাজনৈতিক কর্মী ডা. তাসনিম জারা।
.png)

-7c29dd-256x144.webp)




