মার্কিন গোয়েন্দা সংস্থা দখলে নেতানিয়াহুর চেষ্টা, দাবি বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতার
স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় ইসরায়েলের অতিরিক্ত প্রভাব ও দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক প্রার্থী কারিশমা মনজুর। রোববার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি।
কারিশমা মনজুর বলেন, ‘আমাদের মানবিক পররাষ্ট্রনীতি প্রয়োজন, যা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে হবে; কোনো ভুল গোয়েন্দা তথ্য, বিদেশি সরকারের প্রভাব বা যুদ্ধের মুনাফাখোরির ওপর ভিত্তি করে নয়।’
মার্কিন-ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ব্যবস্থার একীভূতকরণের বিরোধিতা করে তিনি বলেন, ‘নেতানিয়াহু মার্কিন গোয়েন্দা ব্যবস্থা দখল করতে চান।’
নিউ হ্যাম্পশায়ারের ২০২৬ সালের ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে চার মেয়াদের কংগ্রেসম্যান ক্রিস পাপাসের বিরুদ্ধে লড়ছেন বিজ্ঞানী কারিশমা মনজুর। কমলা হ্যারিস, হিলারি ক্লিনটন ও পিট বুটিগিগরা পাপাসকে সমর্থন দিলেও মাঠপর্যায়ে তরুণদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন মনজুর।
গবেষণা বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণ হিসেবে এই বিজ্ঞানী জানান, ২০২৪ সালে ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পাপাসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পাপাস তাঁর সঙ্গে দেখা করেননি। এ সময় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সময় পাপাসের কার্যালয় থেকে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন মনজুর।
তিনি জানান, গত ২৫ বছরে মার্কিন অস্ত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে যুক্ত।
গাজা ইস্যুতে পাপাসের বিরুদ্ধে ইসরায়েলপন্থী লবিং সংস্থা আইপ্যাক (এআইপিএসি) ও করপোরেট স্বার্থের কাছে নতি স্বীকারের অভিযোগ তোলেন কারিশমা।
তিনি বলেন, ‘ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আমার অবস্থান ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর ডানপন্থী সরকারের বিরুদ্ধে।’
তিনি দাবি করেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার চেয়ে নেতানিয়াহুর দীর্ঘদিনের চাপের সঙ্গেই বেশি সম্পর্কিত।
একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে কারিশমা বলেন, যুদ্ধের আড়ালে এপস্টেইন ফাইলসের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়কে ধামাচাপা দেওয়া হচ্ছে।
.png)






